৭ দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৭:৪৪

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার সঙ্গে জড়িত বাস চালক জুয়েল আহমদ ও সহকারী মাসুক আলীর বিরুদ্ধের মামলা দায়ের করা হয়। ওই মামলার ধারা পরিবর্তনসহ ৭ দফা দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন। এতে ভোগান্তিতে যাত্রীরা। 

সিলেট বিভাগের চার জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন সড়কে সোমবার কোনো যানবাহন চলাচল করতে দেয়নি শ্রমিকরা। সোমবার  সকাল থেকে ধর্মঘট পালিত হয়। 

এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে শেরপুরে দুর্ঘটনায় সিকৃবির ছাত্র নিহতের ঘটনায় মৌলভীবাজার থানায় দায়ের করা হত্যা মামলার ধারা পরিবর্তনসহ সাতটি দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। এদিকে দূর পাল্লার যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভিড় করেন সিলেট রেল স্টেশনে। কিন্তু সেখানেও টিকেট সংকট।

আরও পড়ুন: জামাল খুন হওয়া দেখে ফেলায় বাশারকে হত্যা করা হয়

শ্রমিকরা দাবি করেন, গত ২৩ মার্চ মৌলভীবাজার থানায় দুর্ঘটনা মামলা নং-২২ (৩) ১৯ থেকে দণ্ডবিধি ৩০২ এর স্থলে ৩০৪ ধারা দিতে হবে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় জরিমানার পরিমাণ পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা করতে হবে, এই আইনে ৮৪, ৯৮ ও ১০৫ ধারাকে জামিন যোগ্য করতে হবে, এই আইনের ৮৪ ও ৯৮ পৃথক ধারা দুটিতে জরিমানা তিন লাখের স্থলে ৩০ হাজার টাকা করতে হবে, জটিল দুর্ঘটনা তদন্ত সাপেক্ষে ধারা নির্ধারণ এবং তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।  

শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের এই দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহ্বান করা হবে।

ইত্তেফাক/অনি