রায়পুরায় দুস্থ মানুষ দুর্ভোগে বাড়ছে শীতজনিত রোগব্যাধি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১৯
তীব্র শীত এবং শৈত্যপ্রবাহে রায়পুরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার ২৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার দেড় লক্ষাধিক হতদরিদ্র মানুষ শীত বস্ত্রের অভাবে অতি কষ্টে জীবন-যাপন করছে। ফলে বস্ত্রহীন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি শৈত্যপ্রবাহের কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ঠাণ্ডা, কাশিসহ শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে। জানা গেছে, সরকারি বরাদ্দপ্রাপ্ত শীতবস্ত্র এখনো না পৌঁছার ফলে উপজেলায় দরিদ্র মানুষ কনকনে শীতে কষ্ট করছে। উপজেলার আমিরগঞ্জ, চর-আড়ালিয়া, চান্দেরকান্দি, অলিপুরা, চানপুর, নিলক্ষ্যা, মির্জারচর, পলাশতলী, শ্রীনগর, মূছাপুর, বাশগাড়ী, পাড়াতলী, চরমধূয়া, মরজাল, হাইরমারা ও মির্জানগর ইউনিয়নের হতদরিদ্র মানুষদের শীতবস্ত্র না থাকায় অনেকেই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্ভোগে ভুগছে। এদিকে, নতুন শীত বস্ত্রের দাম বেশি থাকায় একটু শীত নিবারণের জন্য সাধারণ মানুষ পুরাতন কাপড়ের দিকে ঝুঁকে পড়েছে। অসহায় অনেক মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেও রেহাই পাচ্ছে না। শীত বস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ দেবাশিষ সাহা জানান, শীত বাড়ার সাথে সাথে হাসপাতালে এ্যাজমা, শ্বাসনালী প্রদাহ, সর্দি, ঠাণ্ডা জ্বর, নিউমোনিয়া, ঠাণ্ডাজনিত ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগীদের উপস্থিতি বেড়েছে। উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, ৬৫৭টি কম্বল বরাদ্দ পেয়েছি। দুই -একদিনের মধ্যে বিতরণ করবো।