জামায়াত আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্র শিবিরের নেতা-কর্মী এবং কারাবন্দী কাদের মোল্লার স্ত্রীসহ ইসলামী ছাত্রী সংস্থার ২০ নেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, পর্দানশীন ছাত্রীদের গ্রেফতার করে কারাগারে আটকে তাদের ওপর জুলুম করা হচ্ছে। নারীর প্রতি এ ধরনের নির্যাতন সভ্য দেশের কোনো নাগরিক মেনে নিতে পারে না। সরকার ছাত্রীদের আটকে রেখে শুধু নির্যাতনই করেনি, মানবাধিকার চরম লংঘন করেছে। তিনি গ্রেফতারকৃত নেতা-কর্মী ও ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য জামায়াত-শিবিরসহ সবার প্রতি আহ্বান জানান।
দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ অপর এক বিবৃতিতে ছাত্র শিবিরের গ্রেফতারকৃত ৩৮ নেতা-কর্মীকে রিমান্ডে নিয়ে তাদের ওপর নির্যাতন চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ যে ধরনের নির্যাতন করছে তা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে কল্পনা করা যায় না। তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সরকারের এ ধরনের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানান।
