রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল, ককটেল ফাটিয়ে পলায়ন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
কারাগারে আটক দলীয় নেতাকর্মীর মুক্তির দাবিতে গতকাল রবিবার রাজশাহী নগরীতে ঝটিকা মিছিল ও পথসভা করেছে ছাত্র শিবির। মাত্র তিন মিনিট স্থায়ী এই কর্মসূচি শেষে সংগঠনটির নেতাকর্মীরা উপর্যুপরি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যান। পরে সেখান থেকে শিবিরকর্মী সন্দেহে ২ জনকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নগরীর বাটার মোড় এলাকা থেকে শুরু হয়ে শিবিরের মিছিলটি অলকার মোড়ের শিল্প-বণিক সমিতির সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় স্থানীয় এক নেতা বক্তব্য রাখেন। এদিকে ইট-পাটকেল ও বোমা হাতে ছাত্র শিবির মিছিল করছে এই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় শিবির নেতাকর্মীরা দ্রুত পথসভা শেষ করে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন গলিপথে দ্রুত পালিয়ে যান। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, শিবির কর্মীরা মিছিল ও সমাবেশের নামে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।