মাওয়ায় সাড়ে তিন কি.মি. ট্রাক জট

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
মাওয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় গতকাল রবিবার প্রায় সাড়ে তিন কিলোমিটার ট্রাক-জট লেগে যায়। ঘন কুয়াশায় গত শনিবার রাতে এবং রবিবার ফেরি চলাচল বিঘ্নিত হয়নি; কিন্তু গত ১২ দিনের ঘন কুয়াশার কারণে ফেরি পারাপারে বিঘ্ন এবং নাব্য-সংকটে একটি ফেরিঘাট বন্ধ থাকায় ফেরি পাপাপারে ধীর গতি দেখা দেয়। এতেই ট্রাক-জট দেখা দেয়। মাওয়া চৌরাস্তা থেকে ট্রাকের এ লাইন সাড়ে তিন কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা পর্যন্ত দীর্ঘ হয়। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে গত ১০ দিন ধরে ফেরি পারাপার ভীষণ বিঘ্ন হচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত ফেরি পারপার বন্ধ থাকায় ট্রাকের এ জট দীর্ঘ লাইনে পরিণত হয়। এছাড়া নাব্য-সংকটের কারণে ১ নম্বর ঋষিবাড়ি ফেরিঘাটটি বেশ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। ফলে দুইটি ঘাট দিয়ে কিছুটা ধীর গতিতে পারপারের কারণেও ট্রাকের জট লেগে আছে। দিনে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহনগুলোকে পারপার করায় ট্রাকগুলো দিনে তেমন একটা পার হতে পারে না। আর রাতে কুয়াশার কারণে ফেরি চলাচল এমনিতেই বন্ধ থাকে। ফলে সব মিলিয়ে ট্রাকের লাইন একটু বাড়তেই পারে। তবে গত শনিবার রাতে কোনো কুয়াশা না থাকায় রবিবার বেলা ৩টা পর্যন্ত দেড় শতাধিক ট্রাক পার করা হয়েছে বলে সিরাজুল হক দাবি করেন। প্রাকৃতিক দুর্যোগ বা কুয়াশা না থাকলে রাতেই ট্রাকের লাইন হালকা হয়ে যাবে।