যশোরে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ইজিবাইক চালক ইমরান হোসেন রানা (২৫) ও যাত্রী বাবুল আক্তার (২৫) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় মার্বেল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইজিবাইক চালক ইমরান হোসেন রানা যশোর সদরের সতীঘাটা এলাকার শেখ আনোয়ার হোসেনের ছেলে ও বাবুল আক্তার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের বদর আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, যশোর থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক রূপদিয়ায় মার্বেল ফ্যাক্টরির সামনে পৌঁছালে বাস ও ইজিবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইক চালক ও যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত রায় বাস্তবায়নে হাইকোর্টে রিট
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, ‘বাস ও বাসচালক শামছুর রহমানকে আটক করা হয়েছে।’
ইত্তেফাক/কেকে
