ফেয়ারনেস ক্রিমে ক্ষতিকর পারদ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
টিভিসি স্কাই শপের ফেয়ারনেস ক্রিমে নিষিদ্ধ পারদের ব্যবহার নিশ্চিত হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসন, বিএসটিআই ও মহানগর পুলিশের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট রাজধানীর গ্রীণ রোডে টিভিসি স্কাই শপের গোডাউনে নিষিদ্ধ পারদ ব্যবহার করা ফেয়ারনেস ক্রিমের সন্ধান পায়। অবশ্য এর আগেই বাজার থেকে এই প্রতিষ্ঠানের ফেয়ারনেস ক্রিম পরীক্ষাগারে পরীক্ষা করে নিষিদ্ধ পারদের ব্যবহার নিশ্চিত হয় মোবাইল কোর্ট। পরীক্ষায় এই ফেয়ারনেস ক্রিমে প্রতি কেজিতে ৯৬৬ মি.গ্রা: পারদ ব্যবহার করা হয়েছে। যা পরীক্ষায় ধরা পড়ে। পারদ ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরে মোবাইল কোর্ট অনুমোদন ব্যতীত অবৈধভাবে ফেয়ারনেস ক্রিম, স্পট আউট ক্রিম এবং চা (মি.টি) সংরক্ষণ এবং বিক্রয়-বিতরণ করার এই প্রতিষ্ঠানের মার্কেটির বিভাগের কর্মচারী স্বদীপকে তিনমাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড এবং আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল বাজেয়াপ্ত করা হয়। এরপর মোবাইল কোর্ট আদাবরস্থ ক্যারি ফ্যামিলিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত আমদানিকৃত বিভিন্ন প্রসাধন সামগ্রী কোন রূপ পরীক্ষা না করে সংরক্ষণ ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আশিকুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম হোসেন।