কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকায় ধর্ষণের পর স্কুল ছাত্রী সাইনুচিং মারমা (তুমাচিং) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা। রবিবার বিকেলে কচুখালী থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে কাউখালী খেলোয়াড় সমিতির সামনে সমাবেশে মিলিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালী উপজেলা সভাপতি অর্জুন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রুপন চাকমা, কলেজ কমিটির আহ্বায়ক নিশান চাকমা, সদস্য চায়না চাকমা, মন্টু মারমা, সুমনা মারমা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য একের পর এক খুন, গুম ও ধর্ষণের মত ন্যক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় দুষ্কৃতিকারীরা বার বার এধরনের ঘটনা অব্যাহত রেখেছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচির হুঁশিয়ারী দেন তারা।
