দিনাজপুরের পার্বতীপুরে ব্রি-৩৪ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। উত্পাদন খরচের তুলনায় বাজারমূল্য কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই।
পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর জানান, গত বছরের চেয়ে এবারে ব্রি-৩৪ জাতের ধান বেশী চাষাবাদ হয়েছে। তিনি বলেন, এবারে ব্রি-৩৪ জাত (জিরাশাইল) ধানের আবাদ করে কৃষকেরা ফলন ও বাজার মূল্য বেশি পাওয়ায় আগামীতে এ জাতটির ব্যাপক চাষাবাদ হবে বলে মনে করা হচ্ছে। পার্বতীপুর শহরের পুরাতন বাজার হাটে ব্রি-৩৪ জাতের ধান বিক্রেতা কৃষক উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পান্থাপাড়া গ্রামের তোফায়েল হোসেন ও রামপুর ইউনিয়নের মাহাফুজার রহমান জানান, এবারে ব্রি-৩৪ জাতের ধান প্রতি বিঘায় উত্পাদন হয়েছে ২০ থেকে ২২ মণ (বাংলা ৪০ সেরে মণ)। এতে উত্পাদন খরচ হয়েছে প্রতি বিঘায় ১০ থেকে ১২ হাজার টাকা। এবার আমন মওসুমে অনাবৃষ্টির কারণে জমিতে বাড়তি সেচ ও আগাছা নিড়ানিতে খরচ বেশী পড়েছে। কৃষক মাহাফুজার জানান, গতবারের চেয়ে এবারে ধানের মূল্য প্রায় ১ থেকে দেড়শ’ টাকা কম এবং চাষাবাদ কাজে সব কিছুরই মূল্য বৃদ্ধি হলেও ধানের মূল্য বৃদ্ধি না হওয়ায় কৃষকের মুখে হাসি নেই।
