ত্বকের যত্নে হলুদ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:১৭

n লোপা চৌধুরী

 

অনেক আগে থেকেই রান্নায় হলুদ ব্যবহার করা হয়। এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়া হলুদ রান্নায় ব্যবহার করছে। রান্নার পাশাপাশি সৌন্দর্যচর্চায়ও হলুদের ব্যবহার প্রাচীন। হলুদ বলতে গেলে একটি ন্যাচারাল কসমেটিক্স। এটি গায়ের রং যেমন উজ্জ্বল করে, তার সঙ্গে বিভিন্ন চর্ম রোগের সমস্যা, যেমন :অ্যালার্জি, ব্রণ, র্যাশ দূর করে। এছাড়া হলুদের আরো নানা গুণ রয়েছে।

ব্রণ দূর করতে : হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ দূর করতে সাহায্য করে। এটি শুধু ব্রণই দূর করে না, তার সঙ্গে ব্রণের দাগ ও লোমকূপ থেকে তেল বের হওয়ার পরিমাণও কমিয়ে দেয়। কাঁচা হলুদ বাটা, চন্দন গুঁড়া, লেবুর রস মিশিয়ে একটি মাস্ক বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। তাছাড়া ব্রণের ওপর কাঁচা হলুদ বাটা ও পানি মিশিয়ে ১৫ মিনিটের জন্য রাখুন। ব্রণ দ্রুত চলে যাবে।

তৈলাক্ত ত্বকের জন্য : হলুদ তৈলাক্ত ত্বকের জন্য অনেক ভালো। লোমকূপের তেল কমাতে হলুদ অনেক ভালো কাজ করে। তাছাড়া চন্দন গুঁড়া অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে এবং কমলার রস ত্বকের দাগ দূর করে, ত্বককে পরিষ্কার রাখে। ৩/৪ চিমটি হলুদের গুঁড়া, ১ চামচ চন্দন গুঁড়া ও ৪/৫ চামচ কমলার রস মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। তৈলাক্ত ত্বকের যেকোনো সমস্যা থেকে মুক্তি পাবেন।

শুষ্ক ত্বকের জন্য :যদি আপনার ত্বক শুষ্ক থাকে, কিন্তু আপনি ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময়ী করতে চান, তাহলে কাঁচা হলুদ বাটা সামান্য, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ২/৩ ফোঁটা লেবুর রস, একটা ডিমের সাদা অংশ, গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। নিজেই লক্ষ্য করবেন ত্বকের পজিটিভ পরিবর্তন। তাছাড়া শরীরে যেসব জায়গা শুষ্ক, সেসব জায়গায়ও লাগাতে পারেন।

বলিরেখা দূর করতে : হলুদ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ২/৩ চিমটি হলুদ গুঁড়া, চালের গুঁড়া, টমেটো রস, কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে মুখে মাস্ক হিসেবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের ফাইন লাইনস এবং ঝুলে পড়া ত্বককে স্বাভাবিক ও ফর্সা করতে অত্যন্ত কার্যকরী।

চোখের নিচে কালো দাগ দূর করতে : ২/৩ চিমটি হলুদ গুঁড়ার সঙ্গে মাখন মিশিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন ২০ মিনিট। পরে ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। এটি চোখের নিচের বলিরেখাসহ কালো দাগও দূর করবে।

ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে : সারাদিন বাইরে থাকে যারা, তাদের ত্বকের পোড়া ভাব ও পিগমেন্টেশন কমাতে হলুদ বাটা, শসার রস, মুলতানি মাটি, লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে মুখে মাস্ক হিসেবে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ত্বকের পোড়া ভাব কমে যাবে।

ত্বক ফর্সা করতে : প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ধীরে ধীরে ত্বকের রং ফর্সা হয়। তাছাড়া এটি রক্ত পরিষ্কার করে, ত্বককে ভেতর থেকে সুন্দর করে। সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদের রস খেলেও সমান উপকার পাওয়া যায়। যারা কাঁচা হলুদ শুধু খেতে পারবেন না, তারা চিনি অথবা গুড় মিশিয়ে নিতে পারেন।

মডেল তিশা ছবি রুমন