চাটমোহরের খ্রিস্টান পল্লী উত্সবমুখর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১১
আজ ২৫ ডিসেম্বর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব। শুভ বড়দিন। বড়দিনের এই উত্সবকে ঘিরে চাটমোহর উপজেলার মথুরাপুর, মূলগ্রাম, হরিপুর ও ফৈলজানা ইউনিয়নের ১৫টি খ্রিস্টান পল্লী এখন উত্সবমুখর। বড়দিনকে ঘিরে চাটমোহরের ব্যাপিস্ট ও ক্যাথলিক চার্চগুলো সজ্জিত করা হয়েছে। গির্জাসহ প্রতিটি বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে। যিশুর জন্মের ইতিহাস অনুসারে গো-শালা তৈরি করা হয়েছে। ক্রিসমাস ট্রি, রঙিন বল, জরি ও রং-বেরংয়ের লাইট দিয়ে সাজানো হয়েছে সবকিছু। উপজেলার মথুরাপুর, উথুলী, নেংড়ী, ফৈলজানা ও কাতুলী গ্রামের গির্জায় বড়দিন উদযাপনের বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হবে। খ্রিস্টানরা জানান, বড়দিনে বিশেষ প্রার্থনা ছাড়াও থাকবে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা, মানবাধিকার কর্মী রোজলিন কস্তাসহ দেশবরেণ্য কয়েকজন চাটমোহরে বড়দিন উদযাপন করবেন বলে জানা গেছে। ঝিনাইগাতীতে বড়দিনের উত্সব ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতী সীমান্তবর্তী উপজেলার খ্রিস্ট সমপ্রদায় বড়দিনের উত্সবে মেতে উঠেছে। এই উপলক্ষে ইতিমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। উপাসনালয়, ঘরবাড়িসহ সবক্ষেত্রে সাজসাজ রব। উপজেলা সদরের বিপণী বিতানগুলোতে খ্রিস্ট ধর্মাবলাম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গাড়োদের ভিড় লেগেই আছে। দেশের বিভিন্ন জায়গায় কর্মরত গারো সমপ্রদায়ের লোকজন ছুটি নিয়ে বাড়ি আসতে শুরু করেছেন। সন্ধ্যার পরই কীর্তন, কুল ঘণ্টার আওয়াজ এবং নাচ-গানের আসরে মুখরিত হয়ে উঠে গারো পল্লী। আজ বর্ণাঢ্য আয়োজনে তারা মেতে উঠবেন বড়দিনের উত্সবে।