ওসমানী মেডিক্যালের ছাত্রাবাসে অভিযান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১১
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের আগেই সেখান থেকে সটকে পড়ে শিবির নেতাকর্মীরা। গত রবিবার কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায়, পুলিশের উপর হামলাসহ নগরীতে বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের করা মামলার আসামি ধরতে অভিযান চালানো হয়। তবে কোন আসামিকে তারা পায়নি। পরে শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ২০টি ব্যাগ ভর্তি পাথর, হকিস্টিক, লোহার পাইপ, রড, মাসিক চাঁদা আদায়ের ৬টি রশিদ বই, একটি গোপন ডায়েরিসহ বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ছাত্রাবাস মসজিদের ইমাম মাওলানা জিয়াউর রহমানকে।