আজ চিত্তরঞ্জন সাহার ৫ম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১২
বাংলাদেশের প্রকাশনা জগতের অগ্রজ, একুশে বইমেলার প্রবক্তা ও অমর একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব চিত্তরঞ্জন সাহার আজ ৫ম মৃত্যুবার্ষিকী। চিত্তরঞ্জন সাহা তার কর্মজীবন শুরু করেন ১৯৫১ সালে পুঁথিঘর লিঃ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ১৯৭১ সালের ২৮ মে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কলকাতার ৯ এ্যান্টনী বাগান লেনের একটি ছোট অফিসে দুই বাংলার লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়েই ৩৩ খানা বই প্রকাশ করার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন ‘মুক্তধারা’। ১৯৭১ সালে ‘মুক্তধারা’ যে সকল বই প্রকাশ করেছে তার মধ্যে উল্লেখ্য হলো- স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ সম্পাদিত রক্তাক্ত বাংলা, আহমেদ ছফার জাগ্রত বাংলাদেশ, আব্দুল হাফিজ সম্পাদিত রক্তাক্ত মানচিত্র, সত্যেন সেনের মহাবিদ্রোহের কাহিনী ও আবদুল গাফফার চৌধুরীর বাংলাদেশ কথা কয় অন্যতম। চিত্তরঞ্জন সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার তার নিজ বাসভবন ও মুক্তধারার প্রধান কার্যালয় ২২ প্যারীদাস রোড, বাংলাবাজারে পারিবারিক পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।