নেতাকর্মীদের মুক্তি না দিলে তীব্র আন্দোলন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগর সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অবিলম্বে শিবির ও ছাত্রীসংস্থার গ্রেফতারকৃত ৭২ নেতা-কর্মীকে মুক্তি না দিলে আন্দোলন আরো তীব্র করা হবে। সরকার জামায়াত ও অঙ্গ সংগঠনকে ধ্বংস করতেই গণগ্রেফতার শুরু করেছে। গতকাল সোমবার সকালে রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তেজগাঁও নাবিস্কো মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত ও অঙ্গ সংগঠনের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। আর সংক্ষিপ্ত সমাবেশ একেবারে সংক্ষিপ্ত করে সবাই দ্রুত কেটে পড়ে। পুলিশ বলছে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পর্কে তারা আগে থেকে জানতে পারেনি। তবে মিছিল ও সমাবেশ ছিলো মাত্র কয়েক মুহূর্তের জন্য। নূরুল ইসলাম বুলবুল বলেন, ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য সরকার নিপীড়নের পথে হাঁটছে। হামলা, মামলা আর গ্রেফতারসহ নির্যাতন চালিয়ে অতীতে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মো. সেলিম উদ্দিন ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, কর্মপরিষদ সদস্য এএসএম আলাউদ্দিন, লস্কর মো. তসলীম, ড. রেজাউল করিম, মো. সালাউদ্দিন, অ্যাডভোকেট জাকির হোসাইন প্রমুখ। এর আগে বিক্ষোভ মিছিল মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে তেজগাঁও নাবিস্কো মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।