ক্রিসমাস বার্তায় অলিম্পিক তারকাদের অভিনন্দন জানাবেন ব্রিটেনের রাণী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ আজ বড়দিনের উত্সবে অলিম্পিক ও প্যারা অলিম্পিক তারকাদের অভিনন্দন জানাবেন। প্রথমবারের মতো তার এই অভিনন্দনের অনুষ্ঠান থ্রিডি প্রযুক্তিতে সমপ্রচারিত হবে। -খবর বিবিসির। বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, তার বক্তব্য আজ বড়দিনে সম্পূর্ণ প্রচারিত হবে। এতে সেবা, অর্জন এবং একাত্মতার বিষয়টি উল্লেখ থাকবে। তার এই ভাষণ অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের খেলোয়াড়দের দেশের অর্জনকে বৃদ্ধি করতে আরো উত্সাহিত করবে। এই বার্তা রাণী নিজেই তৈরি করেছেন। বার্তায় বর্তমান ইস্যু এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতার বিষয়টি প্রতিফলিত হবে। ৮০ বছর আগে ব্রিটেনের রাজা জর্জ ভি প্রথমবারের মতো রেডিওতে বড়দিনে ভাষণ দিয়েছিলেন যেটি ঐতিহ্যে পরিণত হয়েছে। তবে প্রথমবারের মতো রাণীর ভাষণ থ্রিডি প্রযুক্তিতে সমপ্রচারিত হচ্ছে। ভাষণ স্থানীয় সময় বিকাল ৩ টায় রেডিও এবং টেলিভিশনে প্রচারিত হবে।