সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪০
গাজীপুর, যশোর, পাবনা ও আদমদীঘিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। খবর ইত্তেফাক অফিস ও সংবাদদাতাদের। গাজীপুর: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। গত রবিবার রাতে ঢাকা-গাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল- শেরপুর জেলার সদর উপজেলার ভুঁইয়ারচর গ্রামের আবুল কালামের মেয়ে খুশি আক্তার (৮) ও ময়না আক্তার (৬ মাস)। ঐ দুর্ঘটনায় নিহতদের পিতামাতাও আহত হন। এদিকে, রাত দেড়টার দিকে একই সড়কের একইস্থানে গাজীপুরগামী একটি ট্যাঙ্ক লরি যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক আল-আমিন মারা যান। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর: যশোর শহরে ট্রাকের চাপায় অসীম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অসীম যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। সোমবার দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক শ্যামল সাতক্ষীরার পাথরঘাটা এলাকার অনীল বিশ্বাসের ছেলে। পাবনা: পাবনা-নগরবাড়ি মহাসড়কের সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের পাশে সোমবার শ্যালো ইঞ্জিন চালিত করিমন উল্টে আকবর আলী শেখ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। নিহত আকবর আলী সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের জোরপুকুরিয়া গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে। আদমদীঘি (বগুড়া): ঘনকুয়াশার কারণে গত রবিবার ও সোমবার আদমদীঘিতে মোটর সাইকেলের সাথে ট্রাকের ও মাইক্রোর সাথে বাসের পৃথক সংঘর্ষে স্বামী স্ত্রীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রানীনগর উপজেলার বেলতা গ্রামের কদম আলী ও খোকনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।