পদ্মার ‘প্রদীপ’ এখনো জ্বলছে: কাদের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪২
জটিলতা থাকলেও পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পদ্মার প্রদীপ এখনো জ্বলছে।’ যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-টেন্ডারিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর কাছে পদ্মা সেতু প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। মন্ত্রী প্রথমে কোনো কিছু বলতে না চাইলেও শেষে শুধু ওই মন্তব্য করেন। যোগাযোগ মন্ত্রণালয়ে ই-টেন্ডারিং শুরু অনলাইনে তিনটি দরপত্র অনুমোদনের মধ্য দিয়ে ই-টেন্ডারিং কার্যক্রম শুরু করল যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল সোমবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গোপালগঞ্জ জোনের ৫০ কোটি ৩৭ লাখ টাকার তিনটি দরপত্র ই-টেন্ডারিংয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেন। এ সময় তিনি বলেন, দরপত্রের প্রক্রিয়া আরো স্বচ্ছ্ব, জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত ও অপকর্মমুক্ত করার জন্য ই-টেন্ডারিং চালু করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, “টেন্ডার নিয়ে মারামারি থেকে শুরু করে খুনাখুনি পর্যন্ত হয়। পত্রিকায় ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনেক সময় নামমাত্র টেন্ডার আহ্বান করা হতো। এখন থেকে এসব সমস্যা হবে না।”