সিরিয়ায় ২১ মাস আগে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত সাত শতাধিক ফিলিস্তিনী নিহত হয়েছে। রবিবার ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তিনি শরণার্থীদের দায়িত্বে নিয়োজিত।
পিএলও’র কর্মকর্তা জাচারিয়া আল-আগা আরব দেশগুলোর ফিলিস্তিন শরণার্থী বিষয়ক কর্মকর্তাদের বলেন, ‘সিরিয়ায় এই সংঘাত শুরু হবার পর দামেস্কের দণািঞ্চলীয় শরণার্থী শিবির ইয়ারমুকসহ দেশটিতে সাত শতাধিক ফিলিস্তিনী নিহত হয়েছে।’ কায়রোতে এক সম্মেলনে তিনি বলেন, ‘এই যুদ্ধে ফিলিস্তিনীদের না জড়ানোর জন্য আমরা সিরীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি।
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রবিবার রাতে ইয়ারমুক শিবিরে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। শিবিরটিতে গত সপ্তাহে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ ঘটে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো জানায়, রকেট হামলায় দু’জন এবং চোরাগোপ্তা হামলায় আরো একজন নিহত হয়েছে। এই সংঘর্ষে সরকারি বাহিনীর কোন ভূমিকা ছিল না বলে রোববার সিরীয় কর্তৃপক্ষ দাবি করেছে।
