ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষ নেয়ার জন্য ও যুদ্ধাপরাধীদের পক্ষ না নেয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের সন্তানদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি মো. আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বৈশাখী টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ নবীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মীর মোসতাফিজ আহমেদ ও শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ সাব-এডিটরদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সমকাল সম্পাদক গোলাম সারওয়ার নিজেকে আপাদমস্তক সাব-এডিটর হিসেবে পরিচয় দিয়ে বলেন, সাব-এডিটররা হচ্ছেন সংবাদপত্রের মুকুটহীন সম্রাট। তিনি সাব-এডিটরদের আরো বেশি প্রশিক্ষণের ব্যাপারে সাব-এডিটরস কাউন্সিলকে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। আমাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার ডিএসইসি কল্যাণ তহবিলে দুই লাখ টাকার চেক প্রদান করেন।