খুলনা বিভাগে ২২ হাজার টন চাল কিনবে সরকার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪১
এবার সরকার খুলনা বিভাগে ২২ হাজার ৩৫৭ টন চাল কিনবে। ধান কেনার কোন আদেশ এখনও আসেনি বলে জানা গেছে। গতবছরের চেয়ে এবার কেজি প্রতি ২ টাকা কমে সংগ্রহ মূল্য ধার্য করা হয়েছে। সিদ্ধ চাল প্রতি কেজি ২৬ টাকা এবং আতপ চাল ২৫ টাকা সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজারে ধান-চালের দরপতন হয়েছে। মোটা ধান সাড়ে ৪শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা মণ এবং মোটা চাল পাইকারি ২১-২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে খুলনা বিভাগে সরকারি খাদ্য গুদামগুলোতে স্থানাভাব রয়েছে। এতে সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশংকা করা যাচ্ছে। এ বিভাগে সরকারি খাদ্য গুদামের সংখ্যা ৭৭টি। এর মধ্যে ৬৯টি গুদাম খাদ্য সংরক্ষণের উপযোগী। বাকিগুলো অকেজো। গতকাল সোমবার পর্যন্ত খাদ্য গুদামগুলোতে ১ লাখ ৪০ হাজার ৬১৯ টন চাল, ৫৪ হাজার ৭৮২ টান গম ও ৫৫ হাজার টন ধান মজুত ছিল। যে পরিমাণ গুদাম খালি হবে সে পরিমাণ চাল কেনা হবে।