বিটিসিএলের ফোনে দেশের বাইরে কল যাচ্ছে না

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
সিলেটে সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-বিটিসিএলের গ্রাহক সেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। তাদের প্রায় ২১ হাজার টেলিফোন সংযোগে গোলযোগ লেগেই আছে। এসব সংযোগ থেকে বিদেশে কল করা যাচ্ছে না। এছাড়া হাজার হাজার সংযোগ মাসের পর মাস পুরোপুরি বিকল রয়েছে। এ ব্যাপারে স্থানীয় বিটিসিএল অফিসে গ্রাহকরা বার বার অভিযোগ করেও ফল পাচ্ছেন না। জানা গেছে, বিটিসিএল টেলিফোনের গোলযোগের কারণে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের টেলিফোন ঠিকমতো কাজ করছে না। ভুক্তভোগীরা জানান, গত কয়েক মাস ধরে বিটিসিএল টেলিফোন থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি কল করা যাচ্ছে না। দেশের অভ্যন্তরেও ঠিকমতো কল আসা-যাওয়া করছে না। আবার অসংখ্য সংযোগ একেবারেই বিকল হয়ে আছে। কয়েক মাস ধরে গ্রাহকরা এই বিড়ম্বনায় ভুগলেও এর অবসানে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না বিটিসিএল কর্তৃপক্ষ। বিটিসিএল সিলেট অফিস সূত্র জানায়, সিটি কর্পোরেশনসহ শহরতলীর বিভিন্ন এলাকায় বিটিসিএল এর প্রায় ২১ হাজার টেলিফোন সংযোগ রয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১৯ হাজার, সিলেট সদর উপজেলায় ৬শ’ ও দক্ষিণ সুরমা উপজেলায় ১ হাজার ২শ’। বিটিসিএল গ্রাহকদের মধ্যে সরকারি সকল অফিস, সংবাদপত্র অফিস, হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বেসরকারি সংস্থার অফিসও রয়েছে। এসকল গ্রাহক তাদের টেলিফোন সংযোগ নিয়ে গত কয়েক মাস ধরে বিড়ম্বনায় ভুগছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, মেট্রোপলিটন পুলিশের সকল টেলিফোন সংযোগ (বিটিসিএল) গত ১ মাস ধরে বিকল। এ ব্যাপারে বিটিসিএলকে লিখিতভাবে জানানোর পরও কোন কাজ হয়নি। তবে টেলিফোনে গোলযোগের কথা স্বীকার করে বিটিসিএল এর সিলেট বিভাগীয় প্রকৌশলী বিনয় কৃষ্ণ গাইন জানান, ত্রুটি সাড়ানোর চেষ্টা চলছে। এদিকে বিটিসিএল এর একটি সূত্র দাবি করেছে, অপটিক্যাল ফাইভার কয়েক দফা কাটার ফলে ট্রান্সমিশন লিংক-এ সমস্যা হচ্ছে। এ কারণেই বিদেশে কল দেয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাছাড়া সিলেটের ২১ হাজার সংযোগের জন্য অন্তত ৬০টি পালস কোড মডিউলেশন-পিসিএম (এনালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তরকারী ডিভাইস) প্রয়োজন। কিন্তু রয়েছে মাত্র ১৬টি। এই সংকট দূর হলে গ্রাহকদের সমস্যা কেটে যাবে।