দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা রুলের জবাব আগামী ২ জানুয়ারির মধ্যে দেবেন উল্লেখ করে বলেছেন, স্বাধীন বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যতটুকু সম্ভব ব্যাখ্যা দেবো। তবে আমি সাধারণ মানুষের মনের কথাই বলেছি। জনগণের মনের প্রত্যাশাই ব্যক্ত করেছি। ট্রাইব্যুনালের স্বাধীনতায় আঘাত আসলে আমি সেটার প্রতি সংবেদনশীল।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, সোমবার ট্রাইব্যুনাল-২ এর বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারাধীন বিষয়ে মন্তব্য করার অভিযোগে সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে।
স্মরণসভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমি স্বাধীন বিচার ব্যবস্থার পক্ষের মানুষ। আমরা চাই বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করুক। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন চূড়ান্ত পর্যায়ে তখন বিএনপির কিছু নেতার হঠাত্ আবির্ভাব বিচারকে বাধাগ্রস্ত করতে পারে। বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে থাকলে তারা সরাসরি কেন ট্রাইব্যুনালে আসছেন? তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্যই জামায়াত শিবির অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। নির্লজ্জভাবে বিএনপি তাকে সমর্থন দিয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন প্রমুখ।
