দ্রুত বিচার আইনে করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত চাটমোহর উপজেলা জামায়াতের আমির তোরাব আলী বিশ্বাস, পৌর জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেনসহ জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীর জামিন আবেদন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। গত সোমবার পাবনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন।
গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ইসলামী ছাত্রশিবিরের ব্যানারে চাটমোহরে লাঠিসোঁটা নিয়ে জামায়াত-শিবির কর্মীরা জঙ্গি মিছিল বের করে। চাটমোহর পৌর ভূমি অফিসের সামনে পুলিশ মিছিলকারীদের বাঁধা দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়। পুলিশ শিবিরের উপজেলা সভাপতি রবিউল করিমসহ সাতজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানার এস আই চৌধুরী জুবায়ের দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলা নং-৮। এ দিকে জামায়াত-শিবিরের সাথে জড়িত নয়—এমন ব্যক্তি ও ব্যবসায়ীদের জড়ানো হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ উঠেছে।
