গণসংযোগের নামে নৈরাজ্য সৃষ্টি করবেন না :সাজেদা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, রাজধানীতে বিএনপির ডাকা আজকের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগ এবং সরকার কোনো বাধার সৃষ্টি করবে না। বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে অতীতেও বাধা দেয়া হয়নি, ভবিষ্যতেও হবে না। তবে গণসংযোগের নামে নৈরাজ্য সৃষ্টি না করার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। গতকাল মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের মঞ্চের প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। ‘আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সারাবিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে যে পদ্ধতিতে নির্বাচন হয়, আমাদের দেশেও সে পদ্ধতিতে সাংবিধানিকভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।