ভারতের দিল্লিতে গণধর্ষণের প্রতিবাদকে কেন্দ্র করে তিনদিন ধরে বন্ধ আছে রেলের নয়টি মেট্রো স্টেশন। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় দুই লক্ষাধিক যাত্রী। গত কয়েকদিন ধরে দিল্লির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ করছে নারীপুরুষসহ সর্বস্তরের লোকজন। এদিকে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেছেন, সহিংসতা সমস্যার সমাধান নয়। গণধর্ষণের প্রতিবাদে গতকালও ভারতের কয়েকটি শহরে বিক্ষোভ চলে। খবর এনডিটিভির।দিল্লি মেট্রোর মুখপাত্র অনুজ দেয়াল জানান, প্রতিবাদ বিক্ষোভের কারণে তৃতীয় দিনের মতো আমরা স্টেশন বন্ধ করতে বাধ্য হলাম। শহরটির জনপরিবহনের প্রাণ এই কেন্দ্রের প্রতিদিন প্রায় ১৮ লাখ যাত্রী যাতায়াত করে। বিক্ষোভের কারণে প্রগতি ময়দান, মান্দি হাউজ, বড়খাম্বা রোড, গুরুত্বপূর্ণ রাজীব চক, খান মার্কেট, রেসকোর্সসহ নয়টি স্টেশন গতকালও বন্ধ রাখা হয়। পুলিশের পক্ষ থেকে এসব স্টেশন বন্ধ রাখার অনুরোধ করা হয়। একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের কর্মকর্তা জর্জিনা ড্যানিয়েল বলেন, গুরুত্বপূর্ণ এসব স্টেশন বন্ধ থাকার কারণে বড়দিনে আমি আমার পরিবার নিয়ে ঘোরাফেরা করতে পারছি না।
গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারত। দিল্লির ইন্ডিয়া গেট এলাকা বিক্ষোভের কেন্দ্রস্থলে পরিণত হয়। সেখানে বিক্ষোভ থামাতেই মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। ঐ ছাত্রীর অবস্থা এখন সঙ্কটাপন্ন।
