পাকিস্তানে সহিংসতায় ১১ জন নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:১৮
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে গতকাল মঙ্গলবার পৃথক সহিংসতায় ১১ জন নিহত হয়েছে। এ সময় আহল-ই-সুন্নত আল জামাতের এক নেতা গুরুতর আহত হয়েছে। খবর ডন-এর। গতকাল সকালে করাচির ইকবাল-ই-মতি মহল এলাকায় আহল-ই-সুন্নত আল জামাতের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা আওরেঙ্গজেব ফারুকীর গাড়ি লক্ষ্য করে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করলে ফারুকীর নিরাপত্তা রক্ষী, গাড়ি চালক ও চার পুলিশ নিহত হয়। এ সময় ফারুকী গুরুতর আহত হন। তার শরীরে বুলেট বিদ্ধ হয়েছে। ঘটনার পরে ঐ এলাকার সব দোকান বন্ধ করে দেয়া হয়। একই সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ওরানজি শহরে তিনজন নিহত হয়। শাহ ফয়সাল কলোনিতে একজন নিহত হয়। এছাড়া দারাখশান এলাকায় একজন পুলিশ কর্মকর্তার ছেলেকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। স্থানীয় পুলিশ জানায়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।