ফেরি-স্বল্পতার পাশাপাশি মানিকগঞ্জের সিদ্দিক নগরের বার্ষিক ওরসের কারণে গতকাল মঙ্গলবার দুপুরের পর দৌলতদিয়ায় তীব্র যানজট দেখা দেয়। এ সময় শত শত যানবাহন আটকে যাত্রী-সাধারণ চরম দুর্ভোগের কবলে পড়েন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১১টি ফেরির মধ্যে গত সোমবার সকালে রোরো ফেরি শাহ জালাল, আমানত শাহ এবং বিকালে কুমারী নামক তিনটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়ে। এ সময় দক্ষিণাঞ্চল থেকে আসা যানবাহন ঠিকমতো পার হতে না পেরে ঘাটে অপেক্ষা করতে থাকে। গতকাল মঙ্গলবার ফেরি তিনটি মেরামত শেষে চালু হলেও দুপুরের দিকে মানিকগঞ্জের সিদ্দিক নগরে বার্ষিক ওরস উপলক্ষে শত শত বাস আসতে শুরু করে। ফলে ঘাটে নিয়মিত গাড়ির সাথে পার না হওয়া গাড়ি এবং ওরসের অতিরিক্ত গাড়ি আসায় তীব্র যানজট দেখা দেয়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন, ‘সরকারি ছুটি পড়ায় রাজধানী ছেড়ে অনেক গাড়ি একত্রে আসায় পাটুরিয়াতেও যানজট দেখা দিয়েছে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যাত্রীবাহী দুই শতাধিক বাসসহ অন্য গাড়ি আটকা আছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘সোমবার রাতে তিনটি ফেরি কম থাকলেও বাকি ফেরি যানবাহন পারাপার করে। এছাড়া ফেরিগুলো মঙ্গলবার সকাল থেকে চালু হলেও দুপুরের দিকে মানিকগঞ্জের বার্ষিক ওরসের অতিরিক্ত কয়েকশ গাড়ি প্রবেশ করায় যানজট দেখা দেয়।’
