বাড্ডায় চাঁদা না দেয়ায় হামলা, আহত ২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:২২
রাজধানীর উত্তর বাড্ডায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২ জনকে গুরুতর আহত করেছে। আহত মরিয়ম বেগম (৬০) ও আছিয়া বেগম কিরণকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আছিয়া বেগম জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগের ৯ নম্বর ওয়ার্ডের ২ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। ঐ স্থানে বাড়ি নির্মাণ করার পর এলাকার এক সন্ত্রাসী তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা দিতে অস্বীকার করায় ৬/৭ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিস ভাংচুর করে। বাধা দিলে সন্ত্রাসীরা আছিয়ার শাশুড়ী মরিয়মের ওপর হামলা চালায়। এসময় চিত্কার করলেও সন্ত্রাসীদের ভয়ে আশপাশের কেউ এগিয়ে আসেনি। যাওয়ার সময় হুমকি দেয় যে, এ ঘটনায় থানায় মামলা করলে প্রাণে মেরে ফেলা হবে। এ ব্যাপারে বাড্ডা থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। হামলার সত্যতা মিলেছে।