সরকার চাইলে রোহিঙ্গাদের নিয়ে কাজ করবেন সু চি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩১
মিয়ানমারে রাখাইন ও রোহিঙ্গা সমপ্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা অং সান সু চি। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সু চি সমপ্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো স্যুয়ারের কাছে এই আগ্রহের কথা জানান। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। স্যুয়ারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকার প্রস্তাব দিলে রাখাইন-রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহায়তা করতে রাজি আছেন সু চি। সমপ্রতি স্যুয়ারের মিয়ানমার সফরে এক সংক্ষিপ্ত বৈঠকে সু চি এই আগ্রহ দেখান বলে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান। গত মে মাসে রাখাইনে এক বৌদ্ধ নারীকে ধর্ষণ ও খুনের ঘটনার পর জুনে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের জাতিগত দাঙ্গায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়। ওই সংঘাতময় পরিস্থিতিতেও নিশ্চুপ ছিলেন শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারে গণতন্ত্রের আইকন অং সান সু চি। তার এই নীরবতা নিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়,“অং সান সু চি যাকে আন্তর্জাতিকভাবে বার্মার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে আন্তর্জাতিকভাবে মনে করা হয় এবং যিনি এর আগে বিভিন্ন জাতিগোষ্ঠির অধিকার রক্ষার দাবি জানিয়েছেন, তিনি রোহিঙ্গা সঙ্কট নিয়ে কোনো কথা বলেননি এবং এক্ষেত্রে তিনি কেন কোনো ভূমিকা রাখেননি তা এখনো স্পষ্ট নয়।”