আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩২
আফগানিস্তানের খোস্ত শহরে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তিন বছর আগে একই ঘাঁটিতে চালানো আরেকটি আত্মঘাতী বোমা হামলায় সিআইএ’র ৭ কর্মী নিহত হয়েছিল। বুধবার সকালে চালানো এ হামলায় নিহতরা সবাই আফগান নাগরিক। হামলার দায়িত্ব স্বীকার করে আফগান তালেবান জানিয়েছে, ঘাঁটিটিতে হামলা চালানোর জন্য বিস্ফোরকে ঠাসা একটি গাড়িসহ এক আত্মঘাতী হামলাকারীকে পাঠিয়েছিল তারা। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ঘাঁটিটিতে অবস্থানরত আমেরিকানদের সহায়তাকারীরা হামলার লক্ষ্য ছিল। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, ঘাঁটিতে প্রবেশ দূরে থাক হামলাকারী ঘাঁটির কাছাকাছিও পৌঁছতে পারেনি। পুলিশ জানিয়েছে, নিহত তিনজন ঘাঁটির বাইরে ছিলেন। পাকিস্তান সীমান্তে অবস্থিত খোস্তের এই মার্কিন সেনাঘাঁটিতে একটি বিমানক্ষেত্রও আছে। খোস্তে আল কায়েদার ঘনিষ্ঠ হাক্কানি নেটওয়ার্কের প্রভাবাধীন এলাকা।