উত্তর ভারতের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহে অন্তত ২৫ জন মানুষ মারা গেছে। এদের অধিকাংশই গৃহহীন ও বয়স্ক মানুষ। রাষ্ট্র পরিচালিত সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও’র খবরে এ কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশ ছাড়া রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যেও তীব্র শীত পড়েছে। ঘন কুয়াশার কারণে রাজধানী দিল্লি ও আশপাশের রাজ্যগুলোর বিমান ও রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। রাজধানী দিল্লির ওপর দিয়েও তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে ৭ ডিগ্রি সেন্টিগ্রেডে এসে দাঁড়িয়েছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজস্থানের তামাপাত্রা ৪ ডিগ্রির নীচে নেমে গেছে। শীতার্ত আবহাওয়া আরো কয়েকদিন বিরাজ করবে বলে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা।
