নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় ৬জন নিহত হয়েছেন। পর পর তৃতীয় বছর দেশটিতে ‘বড়দিনে’র সময় গির্জায় রক্তক্ষয়ী হামলা চালানো হলো। মঙ্গলবার ভোররাতে ইয়োবি প্রদেশের পোটিসকুম শহরের কাছের জিরি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জিরি’র গির্জাটিতে তখন বড়দিনের অনুষ্ঠান চলছিল।
সেনাবাহিনীর মুখপাত্র ইলি ল্যাজারাস বলেন, “অজ্ঞাত বন্দুকধারীরা পোটিসকুমে হামলা চালানোর চেষ্টা করলে সেনারা তাদের প্রতিহত করে। পালানোর সময় জিরি গ্রামের একটি গির্জায় হামলা চালায় তারা।” হামলায় ছয়জন নিহত হন বলে জানান তিনি। তবে হামলাকারীদের সংখ্যা বা তাদের পরিচয় সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি তিনি। হামলাকারীরা গির্জাটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
