মুক্তিযোদ্ধা সিরাজুল এখন পত্রিকা হকার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
দেশ স্বাধীন করতে একদিন যে হাতে অস্ত্র ছিলো, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজের (৬৯) সেই হাতে আজ পত্রিকা। একটি পত্রিকা বিক্রির জন্য হন্যে হয়ে চষে বেড়াতে হয় তাকে হাট-বাজার। বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের বাসিন্দা সিরাজ আজ কিডনি, গ্যাস্ট্রিক, আলসারসহ দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। তার সুচিকিত্সার জন্য প্রয়োজন প্রচুর টাকা, কিন্তু ভূমিহীন সিরাজের সে আর্থিক সঙ্গতি নেই। বাবা লেহাজউদ্দিন বেপারী মারা গেছেন ৪ বছর বয়সে। পরিবারের ৮ সদস্যের মধ্যে স্ত্রী নাজমুন নাহার বিছানায় মৃত্যুর সাথে লড়ছে দুই বছরেরও অধিক সময় ধরে। বড় ছেলে মানসিক প্রতিবন্ধী ও মেয়ে মুন্নির (২১) যৌতুকের দাবি পরিশোধ করতে না পারায় বাবার সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ছেলে আল-নূর পঞ্চম শ্রেণি, আল-ইমাম তৃতীয় শ্রেণি, আল-ইমরান প্রথম শ্রেণি ও ফাতিমা বেগম শিশু শ্রেণিতে লেখাপড়া করছে। সিরাজই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মুক্তিযোদ্ধা ভাতা ২হাজার ও পত্রিকা বিক্রির আয় ২ হাজার টাকা ব্যতিরেকে আর কোনো আয় না থাকায় বৃদ্ধা মাতা মজিতুন বেগমকে নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সিরাজ জানান, তার চিকিত্সা প্রয়োজন কিন্তু বিগত দিনে তার চিকিত্সা খরচ যোগাতে ৩৭ হাজার টাকা ঋণ করেছেন। ঋণ শোধ করার সামর্থ্যতো দূরের কথা এখন কেউ আর তাকে টাকা ধার দিতে চায় না। এমতাবস্থায় প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের কাছে তিনি আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা ঃ মোঃ সিরাজুল ইসলাম, হিসাব নং ৪৪৫, সোনালী ব্যাংক, নিয়ামতি বন্দর শাখা, বাকেরগঞ্জ, বরিশাল।