তীব্র শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫১
তীব্র শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরীব মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট ভোগ করছে। তীব্র শীত ও কুয়াশায় সবজি চাষাবাদ ব্যাহত হচ্ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণে তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ঝিনাইদহ \ গতকাল বুধবার যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৬ ফিল্ড রেজিমেন্ট ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া স্কুল মাঠে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতণ করে। সেনাবাহিনীর শীতকালীন মহড়াকালে ৫৫ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নুরুল মোমেন খান পিএসসি ৫শ’ দুস্থ পুরুষ, মহিলা ও শিশুর হাতে কম্বল ও সোয়েটারসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র তুলে দেন। এ সময় ৬ আর্টিলারি ফিল্ড রেজিমেন্টের লেঃ কর্নেল সি এম শরিফুল ইসলাম, মেজর মোফাজ্জল হোসেন আখন্দসহ অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মেহেরপুর \ বুধবার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে ১০০শ’ অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি মেহেরপুর-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানাসহ বুড়িপোতা ইউপি সদস্যবৃন্দ। গোপালপুর (টাঙ্গাইল)\ আগাম শীত, দীর্ঘস্থায়ী কুয়াশা এবং শৈত্যপ্রবাহের দরুন টাঙ্গাইলে সবজির উত্পাদনে ধস নেমেছে। সরবরাহ কমে যাওয়ায় সবজির বাজারে এখন আগুন। এবার কার্তিক হতেই আগাম শীত পড়ায় কুয়াশায় সবজি গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। কুয়াশার জল বৃন্তে জমে ফুল ও কুঁড়ি ঝরে যাচ্ছে। ফলে গাছে সবজি টিকছে না। মধুপুর উপজেলা কৃষি অফিসার ড. হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগাম শীত এবং দীর্ঘস্থায়ী কুয়াশায় সবজি ও অর্থকরী ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সরিষা ও টমেটো গাছ মরে যাচ্ছে। সরাইল (ব্রা??হ্মণবাড়িয়া) \ সরাইল উপজেলায় গত কয়েকদিনের তীব্র শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতি রাতে বৃষ্টির মতো শিশির পড়ছে। রাস্তাঘাটে মানুষের চলাচল হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। শীতার্ত মানুষকে খড়কুটোর আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা মো.শওকত হোসেন জানান- শৈত্যপ্রবাহে শীতজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। ছাগলনাইয়া (ফেনী) \ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতাল, ক্লিনিক ও ডক্টরস চেম্বারে হাইপার টেনশন, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটের পীড়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নাঙ্গলকোট (কুমিল্লা) \ গত কয়েকদিনের প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে পুরো এলাকা। ব্যাপকহারে দেখা দিয়েছে নিউমোনিয়া,পেটের পীড়াসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগ-ব্যাধি। কষ্ট পাচ্ছে নিম্নআয়ের মানুষ ও হতদরিদ্র পরিবারের লোকজন। উপজেলার কোথাও এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। হরিণাকুন্ডু( ঝিনাইদহ) \ গত কয়েকদিন যাবত্ প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় কোল্ড ইন্জুরিতে আক্রান্ত হয়ে নষ্ট হতে বসেছে হরিণাকুন্ডুর কৃষকের বোরো বীজতলা। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় বোরো বীজের চারাগুলো হলুদ ও বিবর্ণ হয়ে পড়ছে। বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। রামগঞ্জ(লক্ষ্মীপুর) \ রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংসদের সাবেক কমান্ডার সালেহ আহম্মদ গতকাল বুধবার ঢাকাস্থ বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোজ্জামেল হক মজু কর্তৃক দানকৃত ৫০টি শীত কম্বল উপজেলার দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মুক্তিযোদ্ধা নুরুনবী প্রমুখ। ভেড়ামারা (কুষ্টিয়া) \ গতকাল বুধবার রাতে ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫০ জন দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শোয়েব, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হাসান বিন মাহমুদ ঝন্টু, আবু বক্কর বিশ্বাস, হাসানুর রহমান সুমন প্রমুখ। সৈয়দপুর (নীলফামারি) \ সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম রাতে-রাতে বিভিন্ন এলাকা ঘুরে শহরের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সরকারিভাবে পাওয়া কম্বল রেলওয়ে স্টেশনের প্লাটফরম, ইয়ার্ডে, সুইপার কলোনী, রেলওয়ে ঘুমটি ও শহীদ ডা. জিকরুল হক সড়কের পাশে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্তদের মাঝে এসব নতুন কম্বল বিতরণ করেন। শ্রীপুর(মাগুরা)\ শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ২৬০টি দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বলগুলো শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মন্ডল স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় গতকাল বুধবার ও মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দরিদ্র পরিবার চিহ্নিত করে তাদের মাঝে বিতরণ করেন। রাজীবপুর (কুড়িগ্রাম) \ গত কয়েকদিনের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে রাজীবপুর উপজেলার মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেসাথে বাড়ছে নানা রোগ-ব্যাধি। মঙ্গলবার উপজেলার কোদালকাটি ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের ফজলুল হক (৬৫) প্রচণ্ড ঠাণ্ডায় মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রচণ্ড ঠাণ্ডায় মাঠে সারাদিন কাজ করেন ফজলুল হক। পরে বাড়িতে এসে রাতে ঘুমের ঘোরে তিনি মারা যান। কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোদ্দার জানান, তার ইউনিয়নে দিনমজুর শ্রেণির মানুষের বসবাস বেশি। তাদের বেশির ভাগেরই শীত নিবারণের গরম কাপড় নেই। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জরুরীভিত্তিতে শীতের কাপড়ের চাহিদা পাঠিয়েছেন বলে জানান। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) \ শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। শীতজনিত কারণে নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বৃদ্ধ ও শিশুরা কাবু হয়ে পড়েছেন এবং শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। শীতবস্ত্রের অভাবে উপজেলার ছিন্নমূল ও গরীব মানুষেরা বেশি কষ্ট পাচ্ছে। পার্বতীপুর (দিনাজপুর) \ ছিন্নমূল মানুষেরা কনকনে শীতে নিদারুণ দুর্ভোগ পোহাচ্ছে। তাদের মাথার উপর নেই ছাদ, পরনে নেই শীত নিবারণের গরম কাপড়। তাদের পার্শ্বে দাঁড়ানোর জন্য কেউ নেই। কয়েকদিনের টানা শৈত্য প্রবাহ বয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র কম্বল ছাড়া তেমন কোন শীতবস্ত্র বিতরণ করা হয়নি। পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম বলেন, এ পর্যন্ত ৬৩০টি কম্বল শীতার্থদের মাঝে বিতরণ করা হয়েছে, প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র খুবই কম। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) \ প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক লায়ন নাদের খানের পক্ষ থেকে মঙ্গলবার উপজেলার নারায়ণহাট, ভুজপুর, আনন্দপুর, বদুরখীল, শৈলকুপা, হালদাভ্যালি চা বাগান এলাকায় গরীব-দুস্থ ও আদিবাসীদের মধ্যে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। লায়ন নাদের খানের পক্ষ থেকে হালদাভ্যালি চা বাগানের ব্যাবস্থাপক মো.জাহাঙ্গীর আলম এসব কম্বল বিতরণ করেন।