এইচএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
সিরাজগঞ্জ জেলায় এইচএসসি’র ফরম পূরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে ভুক্তভোগী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। সিরাজগঞ্জ ইসলামী সরকারি কলেজ, কাজিপুর মনসুর আলী ডিগ্রী কলেজ, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজ, সলঙ্গা ডিগ্রী কলেজ, উল্ল¬াপাড়া বিজ্ঞান কলেজ, বেলকুচি ডিগ্রী কলেজে ব্যাপকভাবে এইচএসসি’র ফরম পূরণে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কতিপয় শিক্ষক। বোর্ড নির্ধারিত ফি (বিজ্ঞান বিভাগ ১৯২০ টাকা, মানবিক ১৩৮০ টাকা বা ব্যবহারিক পরীক্ষা অনুযায়ী কিছু কম-বেশি) নোটিস বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে এবং সে অনুযায়ী ফি নেয়ার কথা থাকলেও কতিপয় শিক্ষক অতিরিক্ত টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগে কলেজের ছাত্র সংসদের ভিপি মিঠু বিশ্বাস বোর্ড ফি নিয়ম অনুযায়ী নেবার কথা বলার জন্য অধ্যক্ষের কক্ষে গেলে তাকে অপমান করে বের করে দেয়া হয়। এর জের ধরে কলেজে অবস্থিত গরীব মেধাবী ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ফরম পূরণের জন্য মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৬শত ৫০ টাকা এবং বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১ হাজার ৮শত ৫০ টাকা করে নেয়া হচ্ছে। এর বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে কোন অর্থ নেয়া হচ্ছে না।