ব্যায়াম করলে হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
ব্যায়ামের বা শরীর চর্চার উপকারিতার শেষ নেই। ব্যায়াম করলে শরীর ফিট থাকে, রক্ত চলাচল বাড়ে, হার্টের রক্তনালিতে চর্বি জমতে দেয় না, সহায়ক হয় মেদভুড়ি কমাতে। পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যায়াম এক অপর নিয়ামক শক্তি। কিন্তু সম্প্রতি জনহপকিনস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের গবেষকগণ গবেষণায় দেখেছেন ব্যায়াম করলে হার্ট ফাংশন বাড়ে। বিশেষ করে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট টাইপ-টু ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যায়াম করলে হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। গবেষকগণ আরও একটি মজার তথ্য দিয়েছেন। সাধারণত: ফ্যাটি এসিডকে ক্ষতিকর মনে করা হয় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওপর জোর দেয়া হয়। বিশেষজ্ঞগণ দেখেছেন, এক্সারসাইজ করার সময় শরীরে জমা চর্বি বা ফ্যাটি এসিড ভেঙ্গে হার্টকে অধিক শক্তি যোগায়। তাই গবেষকগণ মনে করেন ডায়াবেটিস রোগীদের খানিকটা বাড়তি চর্বি থাকলে তা এক্সারসাইজকালে উপকারে আসে এবং হার্ট ফাংশন বাড়াতে সহায়ক হয়। তবে বাড়তি চর্বি ডায়াবেটিসের জন্য হিতকর নয়, ইতিপূর্বেকার এমন ধরনের স্ট্যাডির ফলাফল খানিকটা এই নতুন গবেষণা থেকে বিপরীত। তবে এটা সত্য যে, ব্যায়াম না করলে ডায়াবেটিক রোগীদের শরীরে অতিরিক্ত ফ্যাট বিপদের কারণ হতে পারে। অতীতে বহু গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়, এরোবিক এক্সারসাইজ যেমন: হাঁটাচলা, জগিং, বাইকিং এবং সুইমিং ডায়াবেটিসের কারণে হার্টের পেশী যেভাবে দুর্বল হয়ে পড়ে তাকে পরিবর্তিত করে সবল পেশীতে রূপান্তর করে। ফলে ডায়াবেটিসের কারণে হার্টের পেশী বা হার্ট মাসল যতটা দুর্বল হওয়ার কথা ততটা দুর্বল হয় না। ওবেসিটি বা অধিক ওজন ডায়াবেটিসের শত্রু। তাই এই গবেষণা রিপোর্টে উদ্বুদ্ধ হয়ে ফ্যাটকে আমন্ত্রণ করার কোন সুযোগ নেই। মাইল্ড বা সহনীয় মাত্রার ফ্যাট থাকা বাঞ্ছনীয়। তবে ডায়াবেটিক রোগীদের অন্যতম জটিলতা কার্ডিও-মায়োপ্যাথি যাতে তৈরী না হয় তার জন্য এন্টি অক্সিডেন্ট সেবন করা উচিত। এটা হার্টের জন্য ভালো।