নার্স নিয়োগবিধি যুগোপযোগী করার দাবিতে আল্টিমেটাম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
নার্সদের নিয়োগবিধি যুগোপযোগী করার দাবি জানিয়েছে নার্স টিচার্স এসোসিয়েশন ও ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংগঠন দু’টির মতে, বর্তমান নিয়োগবিধি যুগোপযোগী না করে অনুমোদন দেয়া হলে নার্সদের প্রতি দারুণ অবিচার করা হবে। সর্বস্তরের নার্স প্রতিনিধিদের সঙ্গে আলোচনাক্রমে যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়ন না করা পর্যন্ত গতানুগতিক বিদ্যমান নিয়োগবিধি অনুমোদন আপাতত স্থগিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হলে সর্বস্তরের নার্স প্রতিনিধিদের সমন্বয়ে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণার করা হবে। গতকাল দুই সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা নার্সদের ২য় শ্রেণীর পদমর্যাদা প্রদান বাস্তবায়িত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত নার্সিং পেশায় বিদ্যমান উপরের পদগুলোর ক্রমানুসারে পরিবর্তন করা হয়নি। বরং খণ্ডিত চারটি নিয়োগবিধিকে একত্রিত করা হয়েছে। এই অর্থহীন এবং লক্ষ্যচ্যুত নিয়োগবিধি নার্স ও নার্সিং পেশায় কোন কার্যকরি ভূমিকা রাখবে না। গুণগত সেবা ও শিক্ষা নিশ্চিত করতে হলে অভিজ্ঞ ও উচ্চ শিক্ষিত নার্সদের জরুরি ভিত্তিতে নিয়োগবিধি যুগোপযোগী করার মাধ্যমে যথাযথ পদে পদায়ন আবশ্যক।