ইয়ুথ পার্লামেন্টের যুগপূর্তিতে জমকালো অনুষ্ঠান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
‘তরুণদের ক্ষমতায়ন, চাকরি এবং উদ্যোগ’ এই বিষয়বস্তুর উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ইয়ুথ ফোরামের যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এক যুগপূর্তি অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘ইয়ুথ পার্লামেন্ট-২০১২’। গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী ইয়ুথ পার্লামেন্ট-এর উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের মানবাধিকারকর্মী সমীর পূজাটুন্ডা। আরো বক্তব্য রাখেন এসএসবি গ্রুপ-এর চেয়ারম্যান সুমন তালুকদার, ওশান গ্রুপের চেয়ারম্যান ড. আলী আজম, স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের সিইও তানজিনা নওশিন। উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের সভাপতি জি এম রাব্বানী, সহসভাপতি ফিরোজ হাসান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে যুবকদের প্রতি অর্থনৈতিক স্বাধীনতা আনার আহবান জানিয়ে মন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান বলেছেন, আমরা তোমাদের স্বাধীনতা দিয়েছি, তোমরা আমাদের অর্থনৈতিক মুক্তি দিবে। তিনি বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। তিনি যুবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, তোমরা জ্ঞানার্জন করো, দেখবে ঘর থেকেই উপার্জন শুরু হয়েছে। আমরা থ্রিজি চালু করেছি, ফোরজিও চালু হবে। ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে তরুণরা বিদেশেও কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারছে। দেশ যুবকদের দিকে তাকিয়ে আছে। মন্ত্রী ইয়ুথ পার্লামেন্ট থেকে তরুণদের জন্য করণীয়, তাদের সমস্যা ও সমাধানের বিষয়ে সুপারিশমালা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন বলেও জানান। উত্সবের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার থাকবে ১০জন শ্রেষ্ঠ যুব সংগঠকের এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুগপূর্তি অনুষ্ঠানে ‘বাংলাদেশের যুবসমাজ বর্তমান ও ভবিষ্যত্ ভাবনা’, ‘সমাজ বদলে যুব সমাজ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এর পর সারাদেশের তরুণদের নিয়ে বিভিন্ন সচেতনতা ও উন্নয়নমূলক কাজের ওপর নির্মিত ডকুমেন্টরি ফিল্ম প্রদর্শন, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে প্রথমদিনের অধিবেশন সমাপ্ত হয়। আয়োজিত ইয়ুথ পার্লামেন্ট-২০১২-এর মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, সময় টেলিভিশন, রেডিওটুডে ও ওশান গ্রুপ লিমিটেড।