নেত্রকোনা বিএনপিতে কোন্দল !

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:০৩
নেত্রকোনা জেলা বিএনপি’র নতুন কমিটি গঠিত হবার ৯ মাস যেতে না যেতেই নতুন করে কোন্দল শুরু হয়েছে। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে গত মঙ্গলবার। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গ্রেফতারকৃত ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের মুক্তির দাবীতে গত মঙ্গলবার থানা বিএনপি’র ব্যানারে থানা সভাপতির বারহাট্টা রোডের বাসভবনের বিশাল ছাদে এক সভার আয়োজন করলেও এই সভা আসলে ছিল জেলা কমিটির বিরুদ্ধে অনেকটা অনাস্থা। জেলা কমিটির সভাপতি সম্পাদককে না জানিয়ে এবং দাওয়াত না দিয়ে শহরের মধ্যেই এ সভা আহ্বান করা হয়। জেলা সভাপতির বাসভবন থেকে সভাস্থল মাত্র ২ মিনিটের পথ। এই সভায় জেলা কমিটির ২ শত সদস্যের মধ্যে অন্তত শতাধিক সদস্য উপস্থিত ছিলেন বলে দাবী করেছেন থানা কমিটির সভাপতি মুজিবুর রহমান খান। আবার এই জেলা কমিটিকে একটি ক্লাব কমিটি আখ্যায়িত করেছেন বিএনপি’র কয়েকজন নেতা-কর্মী। তবে বিএনপি’র সভাপতি সম্পাদক এ কথা মানতে রাজি নন। তাদের কথা, যে কেউ ইচ্ছা করলেই কমিটি ভাংতে পারবে না। তবে গত মঙ্গলবারের সভাকে জেলা বিএনপি’র সম্পাদক আবু তাহের তালুকদার এমপিকেন্দ্রিক গ্রুপিং বলে অভিহিত করেছেন। দলের কোন গ্রুপিং নয়। গত মঙ্গলবার থানা বিএনপি’র সভাপতি ও জেলা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য এডভোকেট খোরশেদ আলম মিয়া প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল বারি ড্যানি। উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান, সাবেক সম্পাদক এডভোকেট মাহফুজুল হক, বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী ড. আরিফা জেসমিন, কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান দুদু, সম্পাদক আরিফ, আইনজীবী ফোরামের সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন, তাঁতিদলের আহ্বায়ক আজিজুল হকসহ জেলা কমিটির বেশকিছু সদস্য। সভা আহ্বানকারীদের বক্তব্য হলো, নতুন কমিটি হয়েছে, ৯ মাস পূর্বে কিন্তু আজো জেলা কমিটি কোন সভা আহ্বান করেনি। এতে করে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপিতে নতুন করে কোন্দল শুরু হবার কারণ হচ্ছে, জেলা কমিটির কয়েকজনের সাথে থানা কমিটির কয়েকজন নেতার দ্বন্দ্ব। বিশেষ করে আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে এই দ্বন্দ্বের সৃষ্টি। এদিকে জেলা কমিটির সম্পাদক আবু তাহের তালুকদারের মতে, জেলা বিএনপি’র নতুন কমিটির সভা অচিরেই ডাকা হবে। তখন কারো মান-অভিমান থাকবে না। দলে কোন কোন্দলও থাকবে না।