বিচারপতি নিজামুল হককে তলবের আবেদন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৭
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে তলবের জন্য আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি। নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথনের ভিত্তিতে আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুমকে অপসারণের আবেদনের পর সম্পূরক হিসাবে এই আবেদন করেন তিনি। গতকাল বুধবার তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদনটি জমা দেন। উল্লেখ্য, বেলজিয়াম প্রবাসী বাংলাদেশি আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপে বিচারপতি নিজামুল হকের সেই কথিত কথোপকথন সম্প্রতি দৈনিক আমার দেশে প্রকাশ করা হয়। এরপর গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের পদ থেকে তিনি পদত্যাগ করেন। এ কথোপকথনের উপর ভিত্তি করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুমের অপসারণ চেয়ে ১৯ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দু’টি আবেদন করেন সালাহউদ্দিন কাদের চৌধুরী।