গাজীপুরে সন্ত্রাসীদের হাতে বিট অফিসারের বন্দুক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:২১
গাজীপুরের ভাওয়াল রেঞ্জের শিংড়াতলী বিট অফিসার ও তার ভাড়া করা সন্ত্রাসীবাহিনীর বন্দুকের গুলিতে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ডান পা ঝাঁজরা হয়ে গেছে। সন্ত্রাসীদের করা গুলির হাত থেকে স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে জাহাঙ্গীরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রূপাকে। প্রকাশ, বুধবার সকালে শিংড়াতলী বিট অফিসার বিভিন্ন এলাকার অর্ধশত সন্ত্রাসী ভাড়া করে দু’টি পিকআপ যোগে শ্রীপুরের সীমান্তবর্তী এলাকা গাজীপুর সদরের বানিয়ারচালা গ্রামের সিরাজউদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ি ও তার দখলীয় ৪ বিঘা পৈতৃক জমিতে গিয়ে প্রকাশ্যে এ তাণ্ডব চালান। বন বিভাগের এ তাণ্ডবে এলাকার লোকজন চারদিকে ছুটাছুটি করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ওই জমিতে তিন সপ্তাহ আগে জাহাঙ্গীর ইটের সীমানা প্রাচীর তৈরি করেন। পূর্বে কোন নোটিস বা অবহিত না করে বুধবার ভোরে বিট অফিসার তার সন্ত্রাসীবাহিনী নিয়ে জাহাঙ্গীরের দখলীয় জমি বন বিভাগের বলে দাবি করে ওই সীমানা প্রাচীর ভাঙ্গতে বানিয়ারচালা গ্রামে আসেন। এক অংশ ভেঙ্গে ফেলার পর জাহাঙ্গীর তাদেরকে প্রাচীর না ভাঙ্গতে অনুরোধ করেন। তার অনুরোধ না শুনে বিট অফিসারের বন্দুক দিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে জাহাঙ্গীরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি করলে গুলির খোসা মাংস ও হাড় ভেদ করে বাইরে বেরিয়ে যায়। এ সময় তার পায়ের হাড়ের একটা অংশ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। নিজের বন্দুক দিয়ে গুলি করার কথা স্বীকার করে বিট অফিসার এ সময় ৭ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে জানিয়ে বলেন- ওই জমি বন বিভাগের, জাহাঙ্গীর জবরদখল করে রেখেছিল। জাহাঙ্গীরের শ্বশুর শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম (নূরু মুক্তি) বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বিট অফিসার এই অমানবিক ঘটনা ঘটিয়েছে।