চট্টগ্রামে জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি—তিন পরীক্ষাতেই বেড়েছে পাসের হার। এবারে পাসের হার ৭৮ দশমিক ৩৫ শতাংশ। গতবার ছিল ৭২ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৩১ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফলে আশানুরূপ সাফল্য অর্জন করেছে। এবার পাসের হার ৯৬ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী। ইবতেদায়ি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ। জেএসসিতে চট্টগ্রামে পাসের দিক থেকে শীর্ষ পাঁচ স্কুলের মধ্যে রয়েছে ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী কলেজিয়েট স্কুল, ফৌজদারহাট ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সরকারী মুসলিম হাই স্কুল এবং সিলভার বেইলস স্কুল এন্ড কলেজ। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, এবার ১ হাজার ৮৬টি বিদ্যালয়ের ১ লাখ ৩৩ হাজার ৪৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাসের হার ৭৮ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ৩ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৬৩০ জন ও ছাত্রী ১ হাজার ৯০৮ জন।
এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার ২০টি থানার বিভিন্ন স্কুলের ১ লাখ ২৮ হাজার ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৩ হাজার ৫৩৩ জন। পাসের হার ৯৬ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৫০৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৭৫৮ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রামে গতবারের চেয়ে পাসের হার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার পাসের হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার ছিল ৭৫ দশমিক ৬২ শতাংশ। চট্টগ্রাম জেলায় মোট ২১ হাজার ৬১২ জন শিক্ষার্থী ইবতেদায়ি পরীক্ষায় অংশগ্রহণ করে।
