সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমির শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে কয়েকজন জ্যেষ্ঠ সিরীয় কূটনীতিক মস্কো গিয়েছেন। বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ মস্কোর উদ্দেশ্যে রওনা দেন বলে জানায় সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র। এদিকে বুধবার উত্তরাঞ্চলীয় প্রদেশ রাকায় সরকারি বাহিনীর গোলা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সোমবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন লাখদার ব্রাহিমি। এ সপ্তাহেই বাশার সরকারের বিভিন্ন কর্মকর্তা ও বিদ্রোহী বাহিনীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসার কথা রয়েছে তার। তার প্রস্তাবিত শান্তিচুক্তির বিষয়ে পরামর্শের জন্যই ফয়সাল মাকদাদ রাশিয়া সফর করছেন বলে দামেস্কের মিত্র দেশ লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। সিরিয়ার শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিভক্তি দেশটিতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে বার বার ব্যর্থ করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশটির শিয়া মুসলমান ও আলাওয়াত গোষ্ঠী অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে বলে মনে করে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা। ২১ মাসের বেশি সময় ধরে সিরিয়ায় চলে আসা এ সংঘাতে বাশার বিরোধীর পক্ষ নিয়েছে পশ্চিমা ও আরব দেশগুলো। তবে বরাবরই প্রেসিডেন্ট বাশারকে সমর্থন দিয়ে এসেছে রাশিয়া ও ইরান। তবে রাশিয়া বলছে, সিরিয়াকে সমর্থন দিচ্ছে না তারা, বরং বিদ্রোহী দলগুলোর জোটকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা ও আরব দেশগুলোর সমালোচনা করে দেশটি।
