গুজরাটে চতুর্থবারের মত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৪
চতুর্থবারের মত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিন্দুত্ববাদী দল-বিজেপির নেতা নরেন্দ্র মোদী। বুধবার আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কমলা বেনিওয়াল। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমা থেকে ক্রীড়া জগতের বিশিষ্টরা। উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদভানি, রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু, বিজেপি সভাপতি নিতীন গদকরি, লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা সুষমা স্বরাজ ও অরুণ জেটলি। তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেক ওবেরয়, সুরেশ ওবেরয়, কিরণ খের, নভজ্যোত সিং সিধুর মতো তারকারাও। হাই-প্রোফাইল এই শপথানুষ্ঠানের জন্য আহমেদাবাদ শহরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। নরেন্দ্র মোদী এর আগে ২০০১, ২০০২ ও ২০০৭-এও গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। গত ২০ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনের মধ্যে বিজেপি ১১৫টি এবং কংগ্রেস ৬১টি আসনে জয়লাভ করে।