চা বাগানের ব্যবস্থাপকসহ তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে চা বাগানের শ্রমিকরা। আসামের কুনাপাথরে গত বুধবার শেষ রাতের দিকে এ ঘটনা ঘটে। গত দু’সপ্তাহজুড়ে চলমান বিবাদের পর এদিন এ ঘটনা ঘটে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, এর আগে কিছু শ্রমিককে কর্তৃপক্ষ বাসস্থান ছেড়ে যেতে বলায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ ঘটনায় শত শত শ্রমিক ব্যবস্থাপকের বাংলো ঘেরাও করে রাখে। দু’সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকার পর বুধবার বিক্ষোভরত শ্রমিকরা বাংলোয় আগুন ধরিয়ে দেয়। এতে ব্যবস্থাপক এবং তার স্ত্রী দু’জনই নিহত হয়। এ সময় শ্রমিকরা তাদের ব্যবহূত দু’টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। পরে ধ্বংসাবশেষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
