বিদ্যুতের দাম বাড়াতে সরকারের পরিকল্পনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক খাতের উত্পাদক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে যে পরিকল্পনা নিয়েছে তা তৈরি পোশাক শিল্প তথা সামগ্রিক শিল্পায়নের জন্য অত্যন্ত উদ্বেগজনক। ২০১০ সাল থেকে এ পর্যন্ত খুচরা পর্যায়ে ছয় দফা বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ইতিমধ্যে রপ্তানিমূখী পোশাকখাতে বিদ্যুত্ খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫ শতাংশ। এ অবস্থায় আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলে একদিকে উত্পাদন ব্যয় বৃদ্ধির কারণে এই শিল্প প্রতিযোগী সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে পড়বে, অন্যদিকে ইতিমধ্যে যেসব কারখানা বর্তমান মূল্য অনুযায়ী রপ্তানি আদেশ গ্রহণ করেছে, তারা ক্ষতির শিকার হবে।
এই অবস্থায় আমাদের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং বিদ্যুত্ মূল্যের ঘনঘন বৃদ্ধির ফলে উত্পাদন কার্যক্রমে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে কারখানাগুলো আর্থিক ঝুঁকি ও লোকসানের সন্মুখীন হবে। তাই রফতানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিদ্যুতের বর্তমান মূল্য বহাল রেখে শিল্পখাতকে স্থিতিশীল রাখতে সরকারের চেষ্টা করতে হবে।
