কিশোরগঞ্জে আশা’র কর্মশালা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৫
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে গত ২১ ডিসেম্বর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ‘কর্মী ও কর্মসূচির মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা ম্যানেজার (কিশোরগঞ্জ-দক্ষিণ) মো. মুজাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ কে এম আনিসুজ্জামান টিপু এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ম্যানেজার (কিশোরগঞ্জ-উত্তর) শ্যামল কুমার ধর। কর্মশালায় কিশোরগঞ্জ জেলার সকল ব্রাঞ্চ অফিসের লোন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং রিজিওনাল ম্যানেজারগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় সংস্থার কর্মী ও কর্মসূচির মানোন্নয়নের লক্ষ্যে সকল কর্মীদের সঙ্গে বাস্তব ও বিষয়ভিত্তিক গঠনমূলক আলোকপাত ও দিকনির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া কর্মশালায় খেলাপি ও কু-ঋণ, ঋণের ঝুঁকি হ্রাস, আত্মসাত্ ও দুর্নীতি প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা, প্রস্তাবনা ও পরামর্শ গ্রহণ করা হয়।