ইত্তেফাক রিপোর্ট
‘সামাজিক ঐক্যের মাধ্যমে নারী ও মেয়ে শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক ব্রেকিং দ্য সাইলেন্স এর একটি প্রকল্প চালু হয়েছে। যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ ও ৫ নং ওয়ার্ড এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়িত হবে। যার উদ্দেশ্য হবে— নারী ও শিশুর সমতা ও সাম্যের ভিত্তিতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে তাদের অধিকার রক্ষায় সচেতন করা।
গতকাল সোমবার সকালে মিরপুর-১২/এ, পল্লবী কমিউনিটি সেন্টার, ২ নং ওয়ার্ড এর প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু।
অনুষ্ঠানে সভা-প্রধানের দায়িত্ব পালন করেন আয়োজক সংস্থার সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড সচিব আবু সাঈদ পান্না, পিডাব এর নির্বাহী পরিচালক ও সংস্থার নির্বাহী কমিটির সদস্য কাজী বেবী ও সাব-ইন্সপেক্টর (নারী ও শিশু) আকলিমা আক্তার। সংস্থার পরিচিতি তুলে ধরেন পরিচালক জাহিদুল ইসলাম, প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের সমন্বয়কারী সাফিয়া সামি। অবহিতকরণ সভায় প্রকল্প এলাকার বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ কিশোর-কিশোরী ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে প্রকল্পের সফলতা কামনা করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, ব্রেকিং দ্য সাইলেন্স শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশুর প্রতি নির্যাতন বিশেষত শিশু যৌন নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। একই সঙ্গে সমাজের অন্যান্য অধিকারবঞ্চিত গোষ্ঠী বিশেষত প্রান্তিক নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধেও কাজ করছে।
