ধর্ষিতা ভারতীয় তরুণীর অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন ধর্ষণের শিকার ভারতীয় তরুণীর অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। হাসপাতালের প্রধান নির্বাহী ডা. কেলভিন লহ গত বৃহস্পতিবার জানান, এখানে আসার আগেই তার দু’টি অপারেশন এবং একটি হার্ট অ্যাটাক হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে গঠিত একটি টিম তার অবস্থা স্থিতিশীল রাখার আপ্রাণ চেষ্টা করছেন। গত ১৬ ডিসেম্বর বাসে ধর্ষণের শিকার হওয়ার পর থেকে ২৩ বছর বয়সী এই নারী নয়াদিল্লির সফদার জং হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গণধর্ষণের কারণে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। ভারত সরকার উন্নততর চিকিত্সার জন্য তাকে সিংগাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আনন্দ ভ্রমণে বের হওয়া ৬ ব্যক্তি তাকে ধর্ষণের পর বাস থেকে ফেলে দেয়। এদিকে এ্ই ঘটনার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসরমান একটি মিছিলকে বাধা দেয় দাঙ্গা পুলিশ।