‘যুবরাজ ঝড়ে’ শেষ ম্যাচে পাকিস্তানকে হারালো ভারত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২২:২৭
সাত ছক্কার ফুলঝুরিতে সাজানো যুবরাজ সিংয়ের ‘ঝড়ো’ ব্যাটিংয়ে ভর করে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জয় পেল ভারত। একই সাথে অশোক দিন্দার ফুঁসে ওঠা বোলিংয়ে ব্যাঙ্গালুরুতে প্রথম ম্যাচে হারের শোধ নিল মহেন্দ্র সিং ধোনির দল। এর ফলে সিরিজটি ১-১ এ ড্র হলো। গতকাল শুক্রবার আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে টসে হেরে ভারত জয়ের জন্য পাকিস্তানকে ১৯৩ রানের লড়াকু টার্গেট দিতে সক্ষম হয়। তারপরও দফায় দফায় মোড় ঘোরা এই খেলাটিতে ভারতের জয়ে মুল অবদান যুবরাজ সিংয়ের। দলের তিন ব্যাটসম্যান ক্রিজে স্থিত হওয়ার মুখে আউট হয়ে গেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান ক্যান্সারজয়ী এই ক্রিকেটার। তিনি পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে মাত্র ৩৬ বলে করেন ৭২ রান। সাথে ছিল চারটি বাউন্ডারির মার। তবে আগের ম্যাচের মতো এদিনও ভারতীয় ব্যাটিংকে ঝড়ো সূচনা দেন দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও গৌতম গম্ভীর। তবে ১২তম ওভারে শহিদ আফ্রিদির বিরুদ্ধে ছক্কা মেরে হাত খোলা যুবরাজই দলকে দেন জয়ের ভিত। খেলা শেষে তিনিই হন ম্যান অব দ্য ম্যাচ। নিজের পাশাপাশি অধিনায়ক ধোনির সাথে ৪৪ বলে ৯৭ রানের জুটি গড়েন তিনি। দু’জনের প্রয়াসে ভারত শেষ পাঁচ ওভারে ৭২ রান তুললে দলীয় সংগ্রহ এতটা স্ফীত হয়। আহমেদাবাদের গ্যালারিভর্তি দর্শকরা এদিন দেখতে পান কিভাবে ভারতীয় মিডল অর্ডার ব্যাঙ্গালুরুর ভূলগুলো শুধরে নেয়। ভারতীয় বোলাররা শুরুতে সুবিধা করতে না পারলেও চাপের মুখে রুখে দাঁড়ান দিন্দা। নিজের প্রথম স্পেলে দুই ওভারে ২৪ রান দিলেও তিনি পরের দফায় বল করতে এসে দুই ওভারে ১২ রান দিয়ে উমর আকমল (২৪), অধিনায়ক মোহাম্মদ হাফিজ (৫৫) ও কামরান আকমলের (৫) উইকেট তিনটি তুলে নিয়ে ম্যাচটিকে দৃশ্যত পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেন। নইলে দুই ওপেনার নাসির জামশেদ (৪১) ও আহমেদ শেহজাদ (৩১) ওপেনিং জুটিতে পাকিস্তানকে ৭৪ রান এনে দিয়ে ম্যাচটিকে জয়ের অভিমূখেই রেখেছিলেন। স্কোরকার্ড ভারতের ইনিংস গৌতম গম্ভীর এলবিডব্লিউ ব গুল ২১ অজিঙ্কা রাহানে ক এন্ড ব গুল ২৮ বিরাট কোহলি রান আউট (আজমল) ২৭ যুবরাজ সিং ক শোয়েব ব গুল ৭২ মহেন্দ্র সিং ধোনি ব গুল ৩৩ সুরেশ রায়না অপরাজিত ১ রোহিত শর্মা অপরাজিত ৪ অতিরিক্ত (লেগবাই ৫, নোবল ১) ৬ মোট (২০ ওভারে, ৫ উইকেটে) ১৯২ ব্যাট করেননি: ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অশোক দিন্দা। উইকেট পতন: ১/৪৪ (গম্ভীর, ৪.৫), ২/৫৩ (রাহানে, ৬.৬), ৩/৮৮ (কোহলি, ১১.৬), ৪/১৮৫ (যুবরাজ, ১৯.২), ৫/১৮৭ (ধোনি, ১৯.৫)। বোলিং: ইরফান ৪-০-২০-০, সোহেল তানভির ৪-০-৪৪-০, গুল ৪-০-৩৭-৪, আজমল ৪-০-৪২-০, আফ্রিদি ৩-০-৩৩-০, হাফিজ ১-০-১১-০। পাকিস্তানের ইনিংস নাসির জামশেদ ক কোহলি ব অশ্বিন ৪১ আহমেদ শেহজাদ স্টা ধোনি ব যুবরাজ ৩১ উমর আকমল ব দিন্দা ২৪ মোহাম্মদ হাফিজ ক রায়না ব দিন্দা ৫৫ শহিদ আফ্রিদি ক শর্মা ব কুমার ১১ কামরান আকমল ক কোহলি ব দিন্দা ৫ শোয়েব মালিক অপরাজিত ৩ উমর গুল ক রাহানে ব ইশান্ত শর্মা ৫ অতিরিক্ত :(লেগবাই ২, ওয়াইড ৪) ৬ মোট (২০ ওভারে ৭ উইকেটে) ১৮১ উইকেট পতন: ১/৭৪ (নাসির জামশেদ, ৯.৫), ২/৮৪ (আহমেদ শেহজাদ, ১০.৫), ৩/১৪৬ (উমর আকমল, ১৬.২), ৪/১৬৩ (আফ্রিদি, ১৭.৫), ৫/১৬৮ (হাফিজ, ১৮.২), ৬/১৭২ (কামরান আকমল, ১৮.৪), ৭/১৮১ (উমর গুল, ১৯.৬)। বোলিং: কুমার ৪-০-৪৬-১, ইশান্ত শর্মা ৪-০-৩৪-১, দিন্দা ৪-০-৩৬-৩, অশ্বিন ৪-০-২৮-১, রাইনা ২-০-১২-০, যুবরাজ সিং ২-০-২৩-১।